চট্টগ্রামে বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
চট্টগ্রাম নগরীর নন্দনকাননের ‘চট্টগ্রাম বৌদ্ধ বিহার’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মঙ্গলবার দুপুরে বিহারে পৌঁছালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ এবং বিহারের ধর্মীয় গুরুরা তাকে স্বাগত জানান। এরপর তাকে বিহারের নিচতলার সম্মেলন কক্ষে নেওয়া হয়।
সেখানে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া। রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানশ্রী মহাস্থবির।
বৌদ্ধ সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে ক্রেস্ট তুলে দেন সমিতির সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া। এরপর বিহারে রক্ষিত গৌতম বুদ্ধের ‘কেশধাতু’ (মাথার চুল) রাষ্ট্রপতিকে দেখানো হয়।
সবশেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্দির প্রাঙ্গণে একটি নাগেশ্বরের চারা লাগান। এরপর তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা হন।
সুজিত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি বিহারের অধ্যক্ষ ও সমিতির নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রপতি হিসেবে এই প্রথমবার তিনি বিহারে এলেন।”
এরআগে সকালে চট্টগ্রাম নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে পঞ্চম গোলন্দাজ পুনর্মিলনী প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি।
চট্টগ্রামে রাতে অবস্থানের পর বুধবার সকালে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
