ভর্তি পরীক্ষায় এসএমএস আদান-প্রদানে শিক্ষার্থী আটক
চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেন্দ্রে এসএমএস আদান-প্রদানের সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রশাসন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেন্দ্র থেকে তাকে ধরা হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান জানান, ওই ছাত্রী কৌশলে পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে।
“হলে বসে সে প্রশ্নপত্রের ছবি তুলে এমএমএসের মাধ্যমে বাইরে পাঠায়। প্রশ্নপত্রের ছবি স্পষ্ট না হওয়ায় বাইরে থেকে তাকে এসএমএস দিয়ে ভালো করে ছবি তুলে পাঠাতে বলে।”
এসময় হলে দায়িত্বে থাকা পরীক্ষক তার কাছ থেকে মোবাইল সেট জব্দ করে।
ওই পরীক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তার বয়স বিবেচানায় অভিভাবকের জিম্মায় দিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফিশারিজ অনুষদের ২১০ আসনের বিপরীতে চার হাজার ২০০ শিক্ষার্থী আবেদন করে।
এর মধ্যে তিন হাজার ৩৮১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয় বলে খলিলুর রহমান জানান।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বেসরকারি পোর্টসিটি ইউনিভার্সিটি, পাহাড়তলী কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
