চট্টগ্রামে গৃহবধূকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(প্রতীকী ছবি)
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, নগরীর আবদুল লতিফ হাটখোলা এলাকার এক গৃহবধূকে বৃহস্পতিবার রাতে ধর্ষণ করা হয় অভিযোগে তার স্বামী শুক্রবার রাতে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার পর রাতেই পুলিশ বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালিয়ে নূর ও বাহাদুরকে গ্রেপ্তার করে।
মামলার বাকি দুই আসামি মো. ছাব্বির (৩৬) ও মো. রাসেল (২৫) পলাতক রয়েছেন। এ দুজনও বাকলিয়ার খালপাড় এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের একটি ঋণ দেওয়ার প্রতিষ্ঠান রয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী তাদের কাছ থেকে তিন হাজার টাকা ঋণ নিয়ে কিস্তির টাকা সময়মত শোধ দিতে পারেননি।
এ কারণে আসামিরা বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রতিষ্ঠানটির খালপাড় এলাকার কার্যালয়ে ওই দম্পতিকে ডেকে নেয় । এর পর রাতে তাদের মারধরের পর স্বামীকে বের দিয়ে আসামিরা ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মহসিন জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার দুই আসামিকে ধরতে অভিযান চলছে।
