২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাইক্রোবাসে ৬ বস্তা ফেনসিডিল, চালক আটক

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় পুলিশ দেখে মাইক্রোবাস ফেলে পালানোর সময় এর চালককে আটকের পর তার বাহন থেকে ছয় বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 03:47 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

শুক্রবার বেলা ১১টার দিকে বাদামতলি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ডবলমুরিং থানার এসআই আসফাক রাজীব জানান।   

ওই মাইক্রেবাসে আরও দুজন ছিলেন, যারা পালিয়ে গেছেন বলে তিনি জানান।

আটক চালকের নাম আবদুর রহিম (২৬); তার বাড়ি চট্টগ্রামের রামগড় এলাকায়।

এসআই রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ এক্সেস সড়ক দিয়ে সাদা রঙের মাইক্রোবাসটি আসছিল। বাদামতলি মোড়ে দাঁড়িয়েছিল পুলিশের একটি দল।

“এ সময় একটু দূরে গাড়ি থামিয়ে দুই যাত্রী ও চালক নেমে পড়ে। তারা দৌঁড়ে পালানোর সময় ধাওয়া করে আমরা চালককে আটক করি। পরে মাইক্রোবাসের ভেতরে ছয় বস্তা ফেনসিডিল পাওয়া যায়।”

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, প্রতিটি বস্তায় ১৭০টি করে ফেনসিডিলের বোতল ছিল।

জিজ্ঞাসাবাদে রহিম পুলিশকে বলেছেন, কুমিল্লা থেকে ওই ফেনসিডিলের চালান নগরীর আইস ফ্যাক্টরি সড়কে নিয়ে যাওয়া হচ্ছিল।