চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রিতে ৩ ফার্মেসিকে জরিমানা
সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি করায় চট্টগ্রামের তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এগুলো হলো- জাবেদ ফার্মেসি, ফরচুন ফার্মেসি ও মেডিসিন ট্রেডার্স।
বুধবার নগরীর পাহাড়তলী থানার ডিটি রোড এলাকার ওই তিন ফার্মেসির প্রতিটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযানে গিয়ে গত দুই মাসে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করছেন।
গত ২৯ অক্টোবর একটি সরকারি হাসপাতালের এক নার্সের ভাসুরের দোকান থেকে সরকারি ওষুধ উদ্ধার করা হয়। তার আগে গত ৬ অক্টোবর চকবাজার থানার মির্জারপুল এলাকার জনকল্যাণ ফার্মেসি থেকে এক কার্টন সরকারি ওষুধ জব্দ করা হয়।
তবে এবার যে সব ওষুধ উদ্ধার করা হয়েছে সেগুলোর মোড়কে ‘সরকারি সম্পত্তি’ লেখার উপরে কালো মার্কার পেন দিয়ে দাগ দিয়ে ওই লেখাটি মুছে ফেলা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
অভিযানে প্রচুর পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয় বলেও জানান তিনি।
