কুকুর লেলিয়ে হত্যা: চলছে আসামিপক্ষের যুক্তিতর্ক
চট্টগ্রামে কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।
হিমাদ্রী মজুমদার হিমু (ফাইল ছবি)
এর আগে গত রোববার এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক শুনানি শেষে আগামী সোমবার (৯ নভেম্বর) মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।”
ওইদিন ওই আসামির পক্ষে বাকি যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
আইনজীবী অনুপম জানান, যুক্তিতর্কে আসামির আইনজীবী শাহ সেলিম টিপুকে নির্দোষ দাবি করেন।
পাশাপাশি এ মামলার সাক্ষীরা একটি ‘সংঘবদ্ধ চক্র’ দাবি করে তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পরে আসামি হিসেবে টিপুর নাম দিয়েছে বলে দাবি করেন আসামির আইনজীবী।
গত ১৯ অক্টোবর আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় শিক্ষার্থী হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।
হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে গত বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দেওয়ার প্রায় দেড় বছর পর পাঁচ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হয়।
২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত বছরের ২১ জুলাই মামলাটির এক আসামির আবেদনে মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।
এরপর গত বছরের ৭ অগাস্ট স্থগিতাদেশ প্রত্যাহার করে উচ্চ আদালত। এরপর ২০১৪ সালের ২৭ অগাস্ট আবার মামলাটির শুনানি শুরু হয়।
মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে রাষ্ট্রপক্ষ।
