২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ

নগরবাসীর নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 08:13 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

এর অংশ হিসেবে মঙ্গলবার নগরীর বাকলিয়া থানার সুবর্ণ আবাসিক এলাকায় ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের ভবনে সিসি ক্যামেরা বসাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “এর মাধ্যমে অপরাধ দমন অনেকটা সহজ হবে।”

পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত বছরের ৩০ জুন নগরীর ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫৬টি সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করা হয়। পরে পরিসর বাড়িয়ে ২৩টি পয়েন্টে ১৫০টি ক্যামেরা বসানোর পরিকল্পনা হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৫ অক্টোবর নগর পুলিশের ক্রাইম কনফারেন্সে ১৬ থানার ওসিদের নিজেদের এলাকায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার।

“এরপর থেকে আমরা থানা এলাকার বিভিন্ন আবাসিক, বাণিজ্যিক এলাকা, ভবন ও ব্যবসায়িক স্থাপনার মালিকদের ক্যামেরা বসানোর জন্য অনুপ্রাণিত করার কাজ শুরু করি।”

কমিশনারের নির্দেশে নগর পুলিশের বিশেষ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ওসি মহসিন বলেন, “এগুলো আমরা বিভিন্ন ভবন মালিকসহ সবার কাছে বিতরণ করেছি।”

বাকলিয়ার সুবর্ণ আবাসিক এলাকায় চারটি, মধ্যম চাক্তাই এলাকায় চারটি ও কালামিয়া বাজার এলাকায় দুটি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

তার থানা এলাকায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ পুনরায় শুরু হয়েছে বলেও জানান ওসি।

সকালে সুবর্ণ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী, উপ-কমিশনার (দক্ষিণ) কামরুল আমিন, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান, সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মো. মঈনউদ্দিন, স্টাফ অফিসার আসিফ মহিউদ্দিন উপস্থিত ছিলেন ।