চট্টগ্রাম বন্দরে ১১ কন্টেইনার ভর্তি আর্ট কার্ড জব্দ
বন্ড সুবিধায় মিথ্যা ঘোষণা দিয়ে আনা ১১টি কন্টেইনার ভর্তি আর্ট কার্ড জব্দ করেছে চট্টগ্রামের শুল্ক গোয়েন্দারা।
রোববার বিকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে কন্টেইনারগুলো জব্দ করা হয়।
নারায়নগঞ্জ ফেডারেল করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান ২৫০ জিএসএম (গ্রাম/বর্গমিটার) এর এসব আর্ট কার্ড চীন থেকে আমদানি করেন। গত ২৬ অক্টোবর এগুলো চট্টগ্রাম বন্দরে আসে।
এসব পণ্যের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চট্টগ্রামের ইডেন করপোরেশন।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমদানিকারক প্রতিষ্ঠানটি ৩০০ ও ৩৫০ জিএসএমের আর্ট কার্ড বন্ড সুবিধায় আনার ঘোষণা দেয়। কিন্তু আমদানি করে ২৫০ জিএসএমের আর্ট কার্ড।”
২৫০ জিএসএমের আর্ট কার্ড বন্ড সুবিধায় আনা নিষিদ্ধ জানিয়ে বিল অব এন্ট্রি দাখিল করে খালাসের সময় এ অনিয়ম ধরা পড়ে বলে জানান মোকাদ্দেছ।
তিনি বলেন, “রোববার সন্ধ্যায় চারটি কন্টেইনারের কায়িক পরীক্ষা করা হয়। সোমবার বাকিগুলোর কায়িক পরীক্ষা হবে।”
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১১টি কন্টেইনারে ২৭৫ মেট্রিক টন আর্ট কার্ড রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।
