২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করা হবে: গণপূর্তমন্ত্রী

পায়রা বন্দরের কারণে চট্টগ্রাম বন্দর ‘অকার্যকর’ হয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 03:06 AM

Updated : 12 Oct 2022, 04:20 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘সমস্যা ও সম্ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় এমন শঙ্কার প্রতিক্রিয়ায় মন্ত্রী চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করার কথা বলেন।

মন্ত্রীর বক্তব্যের আগে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী পায়রা বন্দর হলে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

কলিম সরওয়ার বলেন, “চট্টগ্রাম বন্দরকে দিন দিন গলা টিপে ধরার নানা প্রক্রিয়া চলছে। পায়রা বন্দর চালু হচ্ছে। শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দরের টাকায় পায়রা বন্দরের উন্নয়ন হবে।”

ব্যবসায়ী নেতা নাছির উদ্দিন চৌধুরী বলেন, “চট্টগ্রাম বন্দরকে দুর্বল, অকার্যকর ও গুরুত্বহীন করার চেষ্টা অবিরত চলছে। পায়রাকে সক্রিয় করার চেষ্টা হচ্ছে। গভীর সমুদ্র বন্দরের কাজও বিলম্বিত।”

একই ধরনের শঙ্কার কথা জানিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “আগে চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর করতে হবে। এর কোনো বিকল্প নেই। বে-টার্মিনাল নির্মাণ কাজও দ্রুত শুরু করা দরকার।”

পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, “চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করা হবে। অনেকে ভাবছে গভীর সমুদ্র বন্দর হবে না। অবশ্যই গভীর সমুদ্র বন্দর হবে।

“মাতারবাড়িতে ১৮ মিটার ড্রাফট। তাই সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে মাতারবাড়িতে জাইকার অর্থায়নে ১০ হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হবে।”

বে-টার্মিনাল করার জন্যও অনুমতি দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “চট্টগ্রাম দেশের অন্য জেলার মতো না। এখানে সমুদ্র বন্দর আছে, অনেকের মধ্যে শঙ্কা, এর সক্ষমতা ধ্বংস বা বিকল্প তৈরি করা হচ্ছে কি না।

“এটা ঠিক না। দেশে যত বেশি বন্দর থাকবে সেটা ইতিবাচক। চট্টগ্রাম বন্দরের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বার্থের সংখ্যা বেড়েছে। এনসিটির চারটি জেটি এ মাসেই চালু হয়েছে। বন্দরে জাহাজের গড় অবস্থানের সময়ও কমেছে।”

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল্লাহ, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল বক্তব্য রাখেন।