জাতীয় স্বার্থে বিএনপি-আ. লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নোমান
রাজনৈতিক বিভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি ও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ‘সমস্যা ও সম্ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভার বক্তব্যে তিনি একথা বলেন।
নোমান বলেন, “পাহাড়, নদী ও সাগর ঘেরা চট্টগ্রাম অনেক সম্পদশালী। সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা প্রয়োজন।
”আমরা হতাশ হব না। নিরাশও হব না। সরকারি দল-বিরোধী দল সমন্বিতভাবে উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে। বিএনপি ও আওয়ামী লীগকে জাতীয় স্বার্থে এক থাকতে হবে।”
নগরীর এস এস খালেদ সড়কের একটি কনভেনশন সেন্টারে ওই আলোচনা সভার শুরুতে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সাবেক মন্ত্রী নোমান বলেন, “আমিও এক সময় দায়িত্বে ছিলাম। একদিনে রাস্তা হয় না। আমি আইল (দুই জমির মাঝের বিভাজক) করেছি। আরেকজন তার উপর রাস্তা করবে।
“আমি চেষ্টা করেছি। বাকিটা অন্যরা করবে। চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাই ঐক্যবদ্ধ থাকব।”
বিএনপির এই নেতা আরও বলেন, “আমাদের দেশে উপর থেকে বাজেট দেওয়া হয়। কিন্তু নিড বেইস (প্রয়োজনের ভিত্তিতে) বাজেট হওয়া প্রয়োজন। এতে করে নিজ নিজ এলাকায় সিটি করপোরেশন, সিডিএ’র মত প্রতিষ্ঠানগুলো বেশি উন্নয়ন করতে পারবে।
আলোচনা সভায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে নোমানের আহ্বানকে স্বাগত জানিয়ে ‘দেশের স্বার্থকে’ প্রাধান্য দেওয়ার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিএনপি নেতা নোমানকে ’সজ্জন রাজনীতিবিদ’ অভিহিত করে তিনি বলেন, “এ বক্তব্য যদি উনার মনের কথা হয় তবে বাংলাদেশে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। এটা ইতিবাচক দিক। সামনের দিনগুলোতে এর প্রতিফলন আমরা দেখতে পাব।
“প্রত্যেক সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে চট্টগ্রামের লোকরা ছিলেন। কিন্তু যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের মধ্যে যে সমন্বয় ও উদ্যোগ প্রয়োজন ছিল তা দেখা যায়নি। উল্টো নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। এটাই নিষ্ঠুর বাস্তবতা।”
নাছির বলেন, “অনেক ক্ষেত্রে সংকীর্ণতা কাজ করে। আমরা রাজনীতিকে প্রাধান্য দেই। ফলে অনেক ইতিবাচক কাজের বিরোধিতা করি আর অন্যায়কে প্রশ্রয় দিই। দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। ”
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ অন্যরা বক্তব্য রাখেন।
