২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন সম্পর্কে সাধারণের ভীতি কেটে গেছে: আজাদ

তথ্যপ্রযুক্তি সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে যাওয়ায় প্রশাসন সম্পর্কে সাধারণের ভীতি কেটে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 08:04 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যপ্রযুক্তি সেবা প্রদানে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, “আগে সাধারণ মানুষ প্রশাসন এড়িয়ে চলত। ভাবত সেখানে গেলে হয়রানি হয়, টাকা পয়সা দিতে হয়। আজ প্রশাসনের সমস্ত সেবা মানুষের কাছে পৌঁছে গেছে তথ্যপ্রযুক্তির কল্যাণে।

“মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কারণে আজকে সাধারণ মানুষের সেই ধারণার পরিবর্তন ঘটেছে। প্রশাসন সম্পর্কে সাধারণ মানুষের ভীতি কেটে গেছে। এটাই আজকে ডিজিটাল বাংলাদেশের অবদান।”

তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে দুর্নীতি কমে প্রশাসনিক কাজে গতি এসেছে বলে জানান তিনি।

সেবা প্রাপ্তির বিষয়ে সাধারণ মানুষকে জানাতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রচার চালানোর পরামর্শও দেন আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ভূমি, মামলা নিষ্পত্তি, শিক্ষা কার্যক্রমসহ বিভিন্নসেবার বিষয়ে তৈরি করা ওয়েব পোর্টাল প্রদর্শন করা হয়।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহা, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ ১১ জেলার শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারকারীদের হাতে পুরস্কার তুলে দেন আবুল কালাম আজাদ।