২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কক্সবাজারে সদর উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 01:03 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার সরকারি কলেজ গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান।

নিহতরা হলেন- শহরের নতুন বাহারছড়া এলাকার স্বপ্না দাশ (৪৫), ও তার স্বামী মৃদুল কান্তি সরকার (৪৮), উখিয়ার কুতুপালং এলাকার বেদু বড়ুয়ার ছেলে মিন্টু বড়ুয়া (২০)।

ওসি জানান, হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,সকালে মাইক্রোবাসটি কক্সবাজার শহর থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় কক্সবাজারের দিকে আসা হানিফ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়।

কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মিন্টু এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃদুলের মৃত্যু হয় বলে জানান তিনি।

আহতরা হলেন- নিহত মৃদুলের ছেলে কার্তিক সরকার (১৬), টেকনাফের হোয়াইক্যং এলাকার রিয়াজ উদ্দিন (২৬), চকরিয়ার ইসলামপুর এলাকার আবুল কাশেম (২০), মানিকপুর এলাকার মোহাম্মদ রিপন (২৭), মাইজঘোনা এলাকার নাছির উদ্দিন (৩৫) এবং মাইক্রোবাস চালক চকরিয়ার আজিজনগর এলাকার মোহাম্মদ হানিফ (২০)।