সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া ও ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে বলে সীতাকুণ্ড থানার এসআই দুলাল হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার ভাটেরখিল এলাকার আনোয়ার হোসেন (৪৭) ও ইসমাইল বলি (৫০) এবং সন্দ্বীপ উপজেলার মো. সাখাওয়াত হোসেন (২৫)।
এদের মধ্যে আনোয়ার ও ইসমাইল শেখপাড়ায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। সকালে তারা বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শেখপাড়ায় চট্টগ্রামগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে দুজন ঘটনাস্থলেই মারা যান।
এর আগে সকাল পৌনে ৬টার দিকে শহর থেকে কুমিরাগামী ৭ নম্বর রুটের একটি বাস ভাটিয়ারিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে সাখাওয়াতের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ বারআউলিয়া ফাঁড়ির পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, সাখাওয়াত ওই বাসের চালকের সহকারী ছিলেন।
