বিচারের ভার আল্লাহর, জঙ্গিরা কে: মহিউদ্দিন
কারও ধর্মীয় বিচ্যুতি ঘটলে তার বিচার সৃষ্টিকর্তা করবেন মন্তব্য করে আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জঙ্গিরা সে বিচার করার কেউ নয়।
বুধবার বন্দর নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত ‘বিশ্বসভায় শেখ হাসিনার অর্জন নিয়ে আয়োজিত সংবাদচিত্র প্রদর্শনীতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি চট্টগ্রামে মাজারে হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে মহিউদ্দিন বলেন, “বায়েজিদ এলাকায় এক লোক উলঙ্গ থাকত বলে আপনারা (জঙ্গি) তাকে গলা কেটে হত্যা করেছেন। ওই ব্যক্তিকে হত্যা করে ইসলামের কোন উপকারটা করলেন আপনারা?
“কেউ যদি ইসলামবিরুদ্ধ জীবনযাপন করে, তাহলে সেটার বিচারের ভার আল্লাহর। আপনারা (জঙ্গি) সেটার বিচার করার কে? মানুষ হত্যা করে আপনারা কীসের আদর্শ বাস্তবায়ন করছেন।”
গত ৪ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ থানার শের শাহ বাংলাবাজার এলাকায় ‘ন্যাংটা মামু’র মাজারে কথিত ফকির রহমত ও খাদেম কাদেরকে কুপিয়ে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডে গ্রেপ্তার সুজন ওরফে বাবু গত ৭ অক্টোবর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উলঙ্গ থাকা, ইসলামী শরিয়াবিরোধী কার্যক্রম পরিচালনার কারণে ফকির রহমতকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
মসজিদে নামাজরত মানুষদের বোমা মেরে হত্যা করার মধ্যে কোথায় ইসলাম- এই প্রশ্ন রেখে মহিউদ্দিন বলেন, “নিরাপরাধ সাধারণ মানুষকে নিশানা করে পৃথিবীতে কোনো আদর্শ বাস্তবায়ন করা যায় না।”
জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার ও সতর্ক থাকার পরামর্শও দেন এই আওয়ামী লীগ নেতা।
যুবলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, “ভূমিদস্যু সেজে হুমকি দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন হওয়া যায় না। যখন এসব শুনি, তখন খুব দুঃখ লাগে।”
মহিউদ্দিন তিন দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ।
