২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দফা দাবিতে ২৬ বিসিএস ক্যাডারদের মানববন্ধন

ঘোষিত অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিসিএসের ২৬ ক্যাডারের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:24 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন ক্যাডারের শতাধিক কর্মকর্তা।

মানববন্ধনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক ঘোষিত বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করায় প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন।

ঘোষিত বেতন স্কেলকে ‘বৈষম্যমূলক’ অভিযোগ করে তিনি বলেন, “এই বেতন কাঠামোয় কেবল আমলারাই লাভবান হবেন। আর অন্য ক্যাডাররা বঞ্চিত হবেন।”

উপজেলা পরিষদকে কার্যকর করার নামে ইউএনওকে একক ‘কর্তৃত্ব’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মুজিবুল।

মানববন্ধনে বক্তারা অষ্টম বেতন কাঠামোতে সমতা তৈরির দাবি করেন।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে গত ৮ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার।

প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন (প্রকৃচি)ও বিসিএস সমন্বয় কমিটি যৌথভাবে এই মানববন্ধন আয়োজন করে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-বিভিন্ন ক্যাডারদের পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) একক কতৃত্ব বাতিল,আন্তঃক্যাডার বৈষম্য নিরসণ, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল,সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান।

বিএমএর বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা.এস এম মুইজ্জুল আকবর চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে কৃষিবিদ আমিনুল হক,চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজিত দত্ত, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার,ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব মো. ইউনুস হাসানসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা বক্তব্য রাখেন।