২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার একটি হোটেল থেকে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 11:16 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আনিছ (২৮), হাবিবুর রহমান (৩০), রুবেল (৩৫), আবদুল লতিফ (৫০) ও জাহাঙ্গীর (৩৪) ।

সোমবার গভীর রাতে সদরঘাট থানার হোটেল পার্ক থেকে তাদের গ্রেপ্তারের পর বাকলিয়া থানার রাহাত্তারপুল কমার্শিয়াল কলেজ সংলগ্ন এলাকা থেকে চোরাই অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকালে নগরীর ফয়েজ লেক থেকে অলঙ্কার মোড় যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া করেন লতিফ ও রুবেল।

অলঙ্কার মোড়ে হানিফ কাউন্টারের সামনে লতিফ গাড়ি থেকে নামেন এবং রুবেল অটোরিকশা নিয়ে আরেকটু সামনে গিয়ে দাঁড়ান। এরপর রুবেল অটোরিকশার চালককে গাড়ি থেকে নেমে লতিফকে ডেকে নিয়ে আসতে। চালক লতিফকে ডাকতে গেলে আগে থেকে ওই স্থানে থাকা জাহাঙ্গীর অটোরিকশাটি চালিয়ে নিয়ে পালিয়ে যান।

পরে মোবাইল ফোনে যোগাযোগ করে অটোরিকশার মালিকের কাছে গাড়ি ফিরিয়ে দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকাও আদায় করে চোর চক্রের সদস্যরা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।