চট্টগ্রামে তিন ফার্মেসিকে জরিমানা
অনুমোদন ছাড়া ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রিসহ নানা অপরাধে চট্টগ্রামের তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নগরীর চট্টেশ্বরী এলাকায় এসব ফার্মেসিকে জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফুড সাপ্লিমেন্ট বিক্রি,ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি,অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর আওতায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”
অভিযানে ফার্মেসি তিনটি থেকে দেড় লাখ টাকার ফিজিসিয়ানস স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয় বলেও জানান তিনি।
এর মধ্যে অভিযানে মেসার্স জান্নাত ফার্মেসিকে ২০ হাজার, রাজু মেডিসিনকে পাঁচ হাজার এবং লিন্নাস ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
