কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় প্রায় ৭০০ কিলোমিটার সড়ক হবে
কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ৬৯৫ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
শুক্রবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানীতে দুটি সেতু উদ্বোধন করে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, “সড়কটি নির্মিত হলে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা হবে। সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত টহল জোরদার করে সীমান্তে নিরবচ্ছিন্ন নজরদারির ফলে মাদক পাচার, চোরাচালান, অস্ত্র পাচার ও জঙ্গি-সন্ত্রাসী তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে।”
দ্রুততম সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন,“২০২৭ সালের মধ্যে সীমান্ত সড়ক নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০২ কোটি টাকা। এ ব্যাপারে মন্ত্রী সভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”
শিগগির এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “এজন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ২ কিলোমিটার সড়ক নির্মাণে ৮৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ শুরু হবে নভেম্বর মাসের মধ্যে।”
এর আগে মন্ত্রী কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী বড় খাল ও ছোট্ট খালের উপর নির্মিত দুটি সেতু উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মো. আলী হোসেন, সেনা ও প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
