২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ ২ বাসযাত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকা থেকে ২১০০ ইয়াবাসহ দুই বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 02:50 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সেতুর উত্তর পাশে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর ও মো. জাহেদ আলম। আলমগীরের বাড়ি নরসিংদী সদর থানার রহমানের বাড়ি এলাকায়; জাহেদের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার বালুখালী গ্রামে।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ বক্সের সামনে বাসটি থামানো হয়।

“ওই দুজনকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদের পর আলমগীরের পকেটে দুই হাজার এবং জাহেদের পকেটে একশ ইয়াবা পাওয়া যায়।”

নেশার বড়িগুলোর দাম প্রায় ছয় লাখ ৩০ হাজার টাকা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, “গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করত।”

দুজনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।