২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে অস্ত্র পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 08:51 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

গ্রেপ্তারকৃত গেরামারা মানিক (৩৮) চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বদ্ধ গেরামারা এলাকার রুস্তম আলীর ছেলে।

র‌্যাব- ৭ এর ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে করের হাট বাজারের গেরামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেজর মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি চাকু আটক করা হয়।

“পরে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, সীমান্তরক্ষী বাহিনীর ক্যামোফ্ল্যাজ প্রিন্টের প্যান্ট, একজোড়া জুতো, একটি হেলমেট ও উচ্চক্ষমতার একটি দূরবীক্ষণ যন্ত্র উদ্ধার করা হয়।”

র‌্যাব কর্মকর্তা বলেন, মানিক ওই এলাকার সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও মাদকের অন্তত আটটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে জোরালগঞ্জ থানায় অস্ত্র আইনে আরেকটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।