চট্টগ্রামে ইউসেপ-রবি যুব উন্নয়ন প্রকল্প শুরু
তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে চট্টগ্রামে যুব উন্নয়ন প্রকল্প শুরু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি।
সোমবার বন্দর নগরীর আমবাগান এলাকায় ইউসেপের প্রশিক্ষণ কেন্দ্রে ‘গড়ি নিজের ভবিষ্যৎ’ শীর্ষক এ প্রকল্পের উদ্বোধন করেন রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।
তিনি বলেন, “আপন শক্তিতে জ্বলে ওঠার জন্য রবি সবসময় তরুণদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।”
ইউসেপ ও রবি’র যৌথ উদ্যোগের এ প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাবঞ্চিত কিন্তু সম্ভাবনাময় এসব তরুণরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে নিতে পারবে- যা প্রকল্পটির মূল উদ্দেশ্য বলে জানান মতিউল ইসলাম নওশাদ।
কারিগরি দক্ষতা উন্নয়নের ১৫ মাসের এ প্রকল্পে ইউসেপ প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বয়সী ৫০০ শিক্ষার্থীকে তৈরি পোশাক, ইলেকট্রনিক্স ও মোবাইল সার্ভিসিংয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে।
প্রকল্প শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন ও সনদ দেবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রামের পত্রিকা দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালিক, দৈনিক পূর্বকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক রমিজ উদ্দিন, রবি’র মানবসম্পদ বিভাগের বিজনেস পার্টনারিংয়ের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল ইমতিয়াজ খান, ফিন্যান্স বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রবিউল আলম, ডিজিটাল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও রবি’র ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট অজয় দাশ ও কমিউনিকেশন এন্ড করপোরেট রেসপন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির সেসময় উপস্থিত ছিলেন।
