২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোর সন্দেহে মালামালসহ আটক ৪

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে চোর সন্দেহে চারজনকে আটক করা হয়েছে, যারা রাতে চুরি করা মালামাল নিয়ে সকালে বাড়ি ফিরছিলেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, সোমবার বেলা ১১টার দিকে আকবর শাহ থানাধীন নগরীর সিটি গেইট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে চুরির মালামালসহ তাদের আটক করা হয়।

এরা হলেন- মো. বশর (৫০), মোহাম্মদ আলমগীর (৩২), নূরুন নবী (২৯) ও জামাল উদ্দীন (৩২)। এদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও ফেনীর বিভিন্ন এলাকায়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি করা নয় ভরি স্বর্ণ, দুটি আইফোন-৫ ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুদীপ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার চারজন রোববার রাতে ফটিকছড়ি উপজেলার আলম নগরে এক প্রবাসীর বাড়িতে চুরি করেন।

“সকালে চুরির মালামাল নিয়ে বাসে করে তারা যে যার বাড়িতে ফিরছিলেন। সিটি গেইটে এলাকায় বাস তল্লাশিকালে তাদের কাছে স্বর্ণ ও আইফোন পাওয়ার পর সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে।’’

ওসি সদীপ দাশ বলেন, ওই চারজন ফটিকছড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলায় ঘুরে ঘুরে চুরি করার কথা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন।