২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

চট্টগ্রামের আদালতে বোয়ালখালী থানার এক পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন এক তরুণী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 03:23 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জেসমিনা আক্তার জানান, সোমবার দুপুরে ওই তরুণী এ অভিযোগ দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিপি বলেন, “বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন ওই তরুণী। ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম অভিযোগ শুনে বিকালে আদেশের জন্য সময় রেখেছেন।”

বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার বাসিন্দা ওই নারীর অভিযোগ, তার করা একটি ধর্ষণ মামলার তদন্ত করতে গিয়ে এক পর্যায়ে পুলিশ পরিদর্শক ফারুক তাকে ধর্ষণের চেষ্টা করেন।

বাদীর আইনজীবী রেজাউল করিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গত ১০ অগাস্ট আমার মক্কেল তার সাবেক ছেলেবন্ধুর বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলার তদন্তভার দেওয়া হয় বোয়ালখালী থানার পরিদর্শক ফারুককে।

“মামলার তদন্তের জন্য তিনি কয়েকবার বাদীর বাড়িতে যান। ২৭ অগাস্ট বাদীকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে যান এবং সেখানে ধর্ষণের চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা।”