চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ
মারধর ও ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকালে ‘গাউস গার্মেন্টস লিমিটেডের’ শ্রমিকরা পাহাড়তলী থানার সাগরিকা রোডের বিটাক মোড় ৩০-৪০ মিনিট অবরোধ করে রাখেন বলে শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিকপক্ষের লোকজনের হাতে এক সহকর্মীর মারধরের শিকার হওয়া ও কয়েকজনকে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করলেও পরে বিটাক মোড়ে অবস্থান নেন।”
পরে শিল্প ও নগর পুলিশের সদস্যরা গিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দেয় বলে জানান আরিফুর রহমান।
রাস্তা থেকে তুলে দেওয়ার পর শ্রমিকরা কারখানার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফীন জুয়েল জানিয়েছেন।
