চট্টগ্রামে বাড়িতে ঢুকে চিকিৎসককে কুপিয়ে জখম
চট্টগ্রাম নগরীতে বাড়িতে ঢুকে এক চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে হালিশহর থানার রঙ্গিপাড়ায় নিজের বাড়ির আঙিনায় হামলার শিকার হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক তারেক শামস (৩৬)।
ঘটনাস্থল থেকে একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। আহত চিকিৎসকের ব্যবহৃত একটি ল্যাপটপও বাড়ির আঙিনায় পাওয়া গেছে।
তারেকের উপর কারা হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে হামলা হয়েছে, সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেনি তার পরিবার।
ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো দ্বন্দ্ব ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানিয়েছেন।
তারেক চট্টগ্রামের পরিচিত চিকিৎসক ডা. ক্যাপ্টেন শামসুল আলম এবং আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলমের ছেলে।
রঙ্গিপাড়ার দুইতলা বাড়িতে বাবা-মায়ের সঙ্গেই স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। হামলার দিন তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।
বাইরের মূল ফটকের পর চারদিকে ফাঁকা জায়গা রেখে ওই বাড়ি। বাড়ির কলাপসিবল গেইটের বাইরে আঙিনায় হামলার শিকার হন তারেক।
তবে তখন মূল ফটকের তালা বন্ধ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ছাদের দরজাটি খোলা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
তারেকের মা আনোয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে আমরা দোতলায় ঘুমাতে যাই। তারেক নিচ তলায় নিজের কক্ষে ছিল।
“ফজরের নামাজের পর লোকজনের ডাকাডাকিতে আমরা নিচে নেমে দেখি তারেক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাকে নিয়ে হাসপাতালে যাই।”
ঘটনাস্থল পরিদর্শনের পর হালিশহর থানার এসআই সুধীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোতলা বাড়িটির চারপাশে সীমানা দেয়াল দেয়া। সামনে লোহার মূল ফটক তালা দেওয়া ছিল।
“তবে আমরা গিয়ে ওই বাড়ির ছাদের দরজা খোলা পেয়েছি।”
হালিশহর থানার ওসি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেকের আর্তচিৎকারে ফজরের নামাজ শেষে মসজিদ ফেরত লোকজন মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।
“রাতে ছাদের দরজাতেও তালা দেওয়া ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। আমরা গিয়ে সেটি খোলা পাই।”
তারেক শামসের বাড়ি, তার উপর হামলার সময় এই ফটকের তালা খোলা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা তারেকের আত্মচিৎকার শুনে যাওয়ার পর প্রধান ফটক খুলে কিংবা ডিঙিয়ে কাউকে বের হতে দেখেননি। সেক্ষেত্রে ছাদের দরজা দিয়ে অপরাধীরা পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, আশপাশের কোনো ভবন দিয়ে তারেকদের ভবনের ছাদে আসার সুযোগ নিয়েছে হয়ত হামলাকারীরা।
কেন এই হামলা- জানতে চাইলে তারেকের মা বলেন, “আমার ছেলের কোনো শত্রু নেই। কেন এ ঘটনা ঘটল, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”
অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে। পেশাগত বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ওসি আহসানুল বলেন, মূল ফটকের কাছে ঘরের বারান্দায় একটি ল্যাপটপ এবং তারেকের কক্ষে আরেকটি ল্যাপটপ পাওয়া গেছে। একটি রামদা এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
তারেকের দুই হাতে, মাথায় এবং বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। দুপুরে তার অস্ত্রোপচার হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
বিকালে হাসপাতালে গেলে তারেকের বাবা-মাসহ স্বজনদের সেখানে পাওয়া যায়।
তারেকের মা আনোয়ারা বলেন, এখন পর্যন্ত ১২ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তার ছেলেকে। আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
