২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সড়ক সংস্কারের দাবিতে দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে সোমবারের সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

গত ১৩ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলো সংস্কারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সঙ্গে বৈঠকে সড়ক সংস্কারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘট আহ্বানের ঘোষণার পরপরই কয়েকটি রুটে সংস্কার কাজ শুরু হয়েছে।

“এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষদিন সোমবার। আগামী এক সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যেই এটিরও সংস্কার কাজ শুরু হবে।”

কর্তৃপক্ষের নেওয়া এসব পদক্ষেপে সন্তুষ্ট হয়ে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আজাদ।

দক্ষিণ চট্টগ্রামের এসব পথে চট্টগ্রাম জেলার পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় যান চলাচল করে। এছাড়া কক্সবাজার ও বান্দরবান জেলায় যেতেও এসব রুট ব্যবহার করতে হয়।

সভার বিষয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবহন মালিক-শ্রমিকদের দাবি অনুসারে বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু করেছি। এটা ‍দৃশ্যমান হওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।”

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, বিআরটিএ এবং সওজ এর প্রতিনিধি ও মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।