২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরনেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

রোববার দুপুরে বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানান।  

গ্রেপ্তার দুজন হলেন- বাকলিয়া থানা শিবিরের সাবেক সভাপতি মামুনুর রহমান (২৮) ও তার ভাই আনিছুর রহমান (২৪)।

তারা নির্বাচনের আগে-পরে এবং যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে বাকলিয়া ও চান্দগাঁও এলাকায় বিভিন্ন নাশকতার ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ ছিলেন বলে ওসি মহসিনের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামুনুরের বিরুদ্ধে বাকলিয়া ও হালিশহর থানার নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।

এসব মামলায় মামুনুর আগেও গ্রেপ্তার হয়েছিলেন জানিয়ে ওসি বলেন, “উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সে আবার শিবিরকর্মীদের সংগঠিত করছিল। আগামীতে যুদ্ধাপরাধীদের রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের।”

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাহাত্তার পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।