দেয়াল চাপায় চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের বাকলিয়া থানার রসুলবাগ এলাকায় দেয়াল ভাঙার সময় চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. কাঞ্চন (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টার দিকে রসুলবাগ আবাসিক এলাকার ২০৬ নম্বর বাসার পাশের পুরাতন দেয়ালটি ভাঙার সময় সেটি চাপা পড়ে কাঞ্চন গুরুতর আহত হয়।
বিকাল সাড়ে ৪টায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেয়াল চাপায় এক ব্যক্তি মারা গেছেন। তবে কী ঘটছে তা এখনই বলতে পারছি না।”
