দুর্গাপূজায় নিরাপত্তা দিতে চট্টগ্রামে বিজিবির টহল
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার বিকাল থেকে চট্টগ্রাম নগরী ও উপজেলাগুলোতে ছয় প্লাটুন বিজিবি টহল শুরু করেছে।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমারত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকাল থেকে নগরী ও উপজেলায় ছয় প্লাটুন বিজিবি টহল দেওয়া শুরু করেছে।
“রোববার সকাল থেকে আরও চার প্লাটুন বাড়িয়ে মোট ১০ প্লাটুন বিজিবি টহল দেবে। ২৩ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা টহল দেবেন।”
এর আগে গত ১৩ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পূজা কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে পূজায় ‘উত্তেজনা’ সৃষ্টির আশঙ্কার কথা জানান চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
ফটোশপে ছবি বিকৃতির মাধ্যমে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর আশঙ্কাকে এবছর পূজায় বড় হুমকি বলেও মনে করেন পুলিশ সুপার।
আগামী ১৯ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা।
এ বছর চট্টগ্রাম জেলা ও নগরীতে ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে মোট এক হাজার ৯৪৩ টি মণ্ডপে দুর্গা পূজা হবে।
চট্টগ্রাম নগরীতে ৩২৫ টি ও ১৪টি উপজেলায় মোট এক হাজার ৬১৮টি সার্বজনীন মণ্ডপের পাশাপাশি ২২২টি ব্যক্তিগত ও পারিবারিক মণ্ডপ রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
