২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে হাত খোয়ালেন ২ শিক্ষার্থী

চট্টগ্রামের পটিয়া রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেন থেকে লাফিয়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের একজনের বা হাত শরীর থেকে ও আরেকজনের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলেন- চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী গৌতম ধর (২২) ও পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র পার্থ ধর (১৫)।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গৌতম পটিয়া উপজেলার গোবিন্দর খিল গ্রামের মৃত বাবুল ধরের ছেলে এবং পার্থ একই গ্রামের কাজল ধরের ছেলে।

এসআই আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারীগামী তেলবাহী ওই ট্রেন আমিরভাণ্ডার স্টেশনে পৌঁছলে গৌতম ও পার্থ চলন্ত ট্রেনে লাফিয়ে ওঠেন।

“ট্রেন পটিয়া স্টেশন অতিক্রম করার সময় থামছে না দেখে তারা চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। এতে পার্থর বা হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গৌতমের ডান হাতের কনুই বিচ্ছিন্ন হয়ে গেছে।”

তিনি বলেন, স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শুরুতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে বিকালে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।