২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ কিশোরের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

এরা হল- আমিরাবাদ ইউনিয়নের শুকছড়ি গ্রামের আবদুল মালেকের ছেলে তানজীর (১৬) , একই গ্রামের হাসি মিয়ার ছেলে শাকিল (১৬) ও মো. আলীর ছেলে মো. শোয়েব (১৫)।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি কাওসার আহমেদ জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা সদরের লোহার দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, চার কিশোর একটি মোটরসাইকেলে করে বেড়াতে বের হয়েছিল। একটি ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তানজীর ও শাকিলের মৃত্যু হয়।

আহত অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে নেওয়ার পথে শোয়েবের মৃত্যু হয় বলে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান।

ওই মোটরসাইকেলের আরেক আরোহী আক্তার হোসেনকে (২০) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি কাওসার আহমেদ জানান।

তিনি বলেন, ট্রাকের চালক দুর্ঘটনার পরপরই তার বাহন নিয়ে পালিয়ে গেছেন।