২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাফটকে ফের গ্রেপ্তার হিযবুত সদস্য

জামিনে ছাড়া পাওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাফটক থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 05:30 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

গ্রেপ্তার নূর মোহাম্মদ ওরফে নূরু এর আগে গত ২৯ জুন ভোররাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়ে পরদিন থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

সোমবার দুপুরে জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে নূরুকে ফের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচলাইশ থানার একটি নাশকতা মামলায় নূরুকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নূরু গত ৩০ জুন থেকে কারাগারে ছিলেন। আদালতের দেওয়া জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ২৯ জুন ভোররাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে নূরুসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

নূর মোহাম্মদ চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন বলে র‍্যাব কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।