২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতের সংস্কার চেয়ে বিমানমন্ত্রীকে চিঠি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশাসনিক সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:40 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

বিমানবন্দরের নানা সমস্যার কথা তুলে ধরে রোববার মন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয় বলে চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাহবুবুল আলম লিখেছেন, বিদ্যমান রানওয়ে দিয়ে বিমানবন্দরের বহুমুখী অপারেশনাল কার্যক্রম চালানো অসম্ভব। আধুনিক গ্রাউন্ড সার্ভিস প্রদানে বিমানবন্দরের বর্তমান যন্ত্রপাতিগুলো অনুপযোগী হওয়ায় দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো ভোগান্তির শিকার হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে রানওয়ের সম্প্রসারণ ও সংখ্যা বাড়ানো প্রয়োজন।

এছাড়াও কার্গো ফ্লাইটের বিপরীতে অপ্রতুল ফর্ক লিফটার, লাগেজ লাপাত্তা হয়ে যাওয়া এবং বিমানবন্দরের অসাধু কর্মকর্তা কর্তৃক প্রবাসীদের হয়রানির প্রতিকারও চাওয়া হয় চিঠিতে।

বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার নিয়ন্ত্রণ ঢাকার হাতে, বদলি ও পদায়ন চট্টগ্রামের হাতে থাকায় প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেন চেম্বার সভাপতি।

এছাড়াও বিমানবন্দর থেকে নগরীতে ঢোকার যে ২০ কিলোমিটার সড়ক তার ভগ্নদশার কারণে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নতুন যন্ত্রপাতি সংগ্রহ, বিমানবন্দর কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিতকরণ, বিমানবন্দর সড়কের উন্নয়ন ও যানজট নিরসনে দ্রুত মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এ ব্যবসায়ী নেতা।