চট্টগ্রামে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
চট্টগ্রামে তিনটি রোগ নিরূপণ কেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসনাত মোরশেদ ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অদক্ষ টেকনিশিয়ান দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় এ জরিমানা করা হয়।”
রাজ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, পারফেক্ট ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও সেফ ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অভিযানের সময় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নুরুল হায়দার ও ডা. উদ্দীপন চাকমা উপস্থিত ছিলেন।
