চট্টগ্রামে দুদিনের পুঁজিবাজার মেলা শুরু
সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চট্টগ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী পুঁজিবাজার মেলা।
প্রতিষ্ঠার ২০ বছর পূর্তিতে পঞ্চম বারের মতো এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
বৃহস্পতিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন।
তিনি বলেন, “বিএসইসি পুঁজিবাজারের সার্বিক মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা দেশের দুটি পুঁজিবাজার মেলার সাথে থাকায় এটি আরও সহজ হয়েছে।”
‘দেশের রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থা অনুকূলে থাকলে আগামী বছর পুঁজিবাজারের জন্য অগ্রগতির বছর হবে’ বলে তিনি আশাপ্রকাশ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসইসি কমিশনার অধ্যাপক হেলাল নিজামী বলেন, পুঁজিবাজার এখন অনেক পরিপক্ক। শক্তিশালী একটি নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই বিনিয়োগকারীরা এখন পুঁজিবাজারে আস্থা রাখতে পারেন।
মেলায় ৯৮টি স্টল, ৩৩টি স্টক ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অংশ নিচ্ছে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত। মেলায় সাধারণ বিনিয়োগকারীদের নানা প্রশ্নের উত্তর দিতে প্রতিদিন ২০০ পুঁজিবাজার বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন।
মেলায় বিনিয়োগকারীদের পুঁজিবাজার নিয়ে সচেতনতা তৈরিতে ’এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড’, ’এ নিউ ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ’, ‘পার্সোনাল পোর্টফোলিও ম্যানেজম্যান্ট’ ও ’অপরচুনিটিজ অফ ইনিশিয়াল পাবলিক অফারিং’ শিরোনামে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
