খালাতো ভাইয়ের হাতুড়িপেটায় যুবক নিহত
চট্টগ্রাম নগরীতে খালাতো ভাইয়ের হাতুড়ির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আবদুল কাদের (২২) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাঙ্গ ইউনিয়নের বাসিন্দা।
বায়েজিদ থানার এসআই শামিম শেখ জানান, বুধবার গভীর রাতে বায়েজিদের টেক্সটাইল গেইট এলাকার এ ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীরকে (২০) আটক করা হয়েছে।
এসআই শামিম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল কাদের ও আলমগীর ওই এলাকার জ্বালানি তেলের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।
“বুধবার দোকানের একটি তেলের ড্রাম ফেলে দেওয়ায় আলমগীরকে দুদফায় মারধর করে কাদের। এতে ক্ষুব্ধ হয়ে গভীর রাতে দোকানে ঘুমন্ত কাদেরকে হাতুড়ি দিয়ে আঘাত করে আলমগীর।”
গুরুতর অবস্থায় কাদেরকে হাসপাতালে নেওয়ার পর শেষ রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান এসআই শামিম।
