২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় দুই জনের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব রতনপুর থেকে এক যুবকের এবং হুলাইন থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

শুক্রবার বিকালে পটিয়া থানা পুলিশের আলাদা দল লাশ দুটি উদ্ধার করে।

পূর্ব রতনপুর গ্রাম থেকে দিনমজুর আবদুল মতিনের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। মতিন ওই এলাকার অহিদুল আলমের ছেলে।

পটিয়া থানার এসআই থোয়াইং প্রু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে আবদুল মতিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে তার বাড়ি থেকে পাঁচশ গজ দূরে একটি পাহাড়ি ছড়ার পাশে স্থানীয়রা তার লাশ দেখতে পায়।

“নিহতের গলা কাটা এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে করা পাঁচটি আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও টি-শার্ট।”

এদিকে উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকা থেকে উদ্ধার করা লাশটি মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির।

কালারপোল ফাঁড়ি পুলিশের এসআই সত্যরঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শফিকুল ইসলাম হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগতে থাকায় তিনি বিয়েও করেননি।

সকালে বাড়ির কাছে একটি খালি ঘরে শফিকুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলেও জানান সত্যরঞ্জন।