২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৪৬টি আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রতি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৪৬টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে বুধবার রাত ১২টায় আবেদন জমার নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটটি অনুষদে ৪ হাজার ৬৫৩টি আসনের বিপরীতে মোট ২ লাখ ১১ হাজার ৯৫২টি আবেদন জমা পড়েছে।

গত বছর ১ লাখ ৭৯ হাজার ৫৭৩টি আবেদন জমা পড়েছিল বলে জানান তিনি।

আগামী ১ নভেম্বর শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ৯ নভেম্বর।

এবার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘বি’ ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদে)। এ অনুষদের মোট এক হাজার ৪৪১টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৩০ জন আবেদন করেছেন।

তবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ‘জি’ ইউনিটে (ইঞ্জিনিয়ারিং অনুষদে)। কম্পিউটার সায়েন্স ও ফলিত পদার্থবিদ্যা বিভাগ নিয়ে গঠিত এ অনুষদে ১২৮ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৪৪৪টি। প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বেন ১৮৩ জন শিক্ষার্থী।

‘ই’ ইউনিটের (আইন অনুষদে) ১৩০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৪৬১ টি এবং ‘এ’ ইউনিটে পাঁচটি বিভাগের ৫৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৫ হাজার ৭৬৬ জন।

‘সি’ ইউনিটে (বিবিএ) ৭৪৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৫১ জন।

সাতটি বিভাগের ৮৮৩টি আসনের বিপরীতে ‘ডি’ ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) আবেদন করেছে ৩৩ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী। জীব বিজ্ঞান অনুষদে (এফ ইউনিট) নয়টি বিভাগের ৫৪৭ আসনের বিপরীতে আবেদন করেছে ২৬ হাজার ১৪৪ জন।

এদিকে নতুন চালু করা ‘ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স’ বিভাগটির সঙ্গে ‘শিক্ষা অনুষদ’ নামে নতুন আরেকটি অনুষদ করা হয়েছে।

আকবর হোছাইন জানান, এই বিভাগে ৩৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯২৪টি। 

এছাড়া চালু হওয়া সঙ্গীত বিভাগ রাখা হয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে।

ভর্তি পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র ডাউনলোডসহ পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (cu.ac.bd) এবং টেলিটক ওয়েবসাইটে (cu.teletalk.com.bd) পাওয়া যাবে বলে জানান ভর্তি কমিটির সচিব আকবর।