চট্টগ্রামে অস্ত্রসহ এক নারী গ্রেপ্তার
চট্টগ্রামের ডবলমুরিংয়ে এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তার স্ত্রীকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
বুধবার সকালে ডবলমুরিং থানার আবিদের পাড়ার ফকির মাঝির বাড়ি এলাকার এই বাসা থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পারভিন আক্তারের (২৪) স্বামী ইকবাল পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই আলমগীর হোসেন।
তার বিরুদ্ধে মাদক আইনে ডবলমুরিং থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে।
এসআই আলমগীর বলেন, কিছুদিন আগে ইকবালের সঙ্গে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ দেখা দিয়েছিল। এরপর ইকবাল সকালে বাসায় অস্ত্র ও লোকবল জড়ো করেছে বলে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে ইকবাল পালিয়ে যায়। তার ঘরে তল্লাশি চালিয়ে একটি এলজি ও একটি কার্তুজসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।”
ইকবাল ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
