ভুয়া কাগজ দেখিয়ে বন্দর থেকে বের করা ১৪টি কনটেইনার উদ্ধার
জাল কাগজপত্র দেখিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের করা ১৪ কন্টেইনার পণ্য উদ্ধার করেছে শুল্ক বিভাগ। সম্প্রতি হওয়া নিলামে এসব পণ্য কিনেছিলেন এক ব্যক্তি।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের হালিশহর থানার নতুন বিশ্বরোডের হাক্কানি পেট্রোল পাম্পের পাশের ময়নামতি মেরিন নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে কন্টেইনারগুলো উদ্ধার করা হয়।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে সন্ধ্যায় মোশারফ হোসেন মাসুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হালিশহর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদ নিলাম ক্রয়কারীর পক্ষে কন্টেইনারগুলো সংগ্রহ করেছিলেন।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থ জমা না দিয়ে জাল দলিলপত্র দেখিয়ে এসব পণ্য ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছি।”
গত ২২ সেপ্টেম্বর কন্টেইনারগুলো বন্দর থেকে বের করে নিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে জানিয়ে তিনি বলেন, “পরে মঙ্গলবার হালিশহরের বেসরকারি ডিপোটিতে নিয়ে যাওয়া কন্টেইনারগুলো থাকার বিষয়টি আমরা নিশ্চিত করি।”
বর্তমানে এসব কন্টেইনার কাস্টমস ও পুলিশের তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম কাস্টমস ও হালিশহর থানা পুলিশের কাছ থেকে জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশান শেডে রাখা ১৪ কন্টেইনার গ্লিসারিন ৭০ লাখ টাকায় নিলামে কেনেন সাইফুল হায়দার চৌধুরী নামে এক ব্যক্তি।
কাস্টমস থেকে পাওয়া তথ্যে জানা যায়, নিলাম করা এসব পণ্য বন্দর থেকে বের হবার পর আবার অন্য একজন এসব কিনে হালিশহরের বেসরকারি ডিপোটিতে রাখেন।
কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
২০১৩ সালে কন্টেইনার ভর্তি এসব গ্লিসারিন চট্টগ্রাম বন্দরে আসে। প্রথমবার একবার নিলাম হলেও তা কেউ নেয়নি। সম্প্রতি দ্বিতীয়বার হওয়া নিলামে সাইফুল হায়দার এসব পণ্য কেনেন।
