চট্টগ্রামে বিদেশিদের নিরাপত্তা জোরদার
ঢাকায় গুলি করে ইতালীয় নাগরিক খুনের পর চট্টগ্রামে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
বন্দর নগরীর যেসব এলাকায় বিদেশি নাগরিকদের অবস্থান ও আনাগোনা বেশি সেসব স্থানে সতর্কদৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য।
তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো বিদেশি নাগরিক তাদের চলাফেরায় নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা চাইলে তা দেওয়া হবে।’’
সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানে গুলি চালিয়ে হত্যা করা হয় চেজারে তাভেল্লাকে। তিনি নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশনের একটি খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা থেকে নিজ নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্ক থাকতে পশ্চিমা দেশগুলোর নির্দেশনার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল।
চট্টগ্রাম নগর পুলিশের তথ্যানুযায়ী, পাঁচলাইশ, হালিশহর, খুলশী, ইপিজেড থানা এলাকায় বিদেশিদের চলাচল, কর্মস্থল ও আবাসস্থল বেশি।
এসব স্থানে টহল জোরদারের পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
এছাড়া নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি এলাকায়ও সার্বক্ষণিক টহল টিম রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
বর্তমানে অমেরিকান নৌ বাহিনীর একটি দলও চট্টগ্রামে অবস্থান করছে। তাদের চলাচলে কড়া পাহারা দেওয়া হচ্ছে।
