সন্দ্বীপে একে-২২ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অভিযান চালিয়ে একে-২২ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব ও কোস্টগার্ড, গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
এই তিনজন গত ২১ সেপ্টেম্বর সন্দ্বীপে গরুর হাটে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় জড়িত বলে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা।
এরা হলেন- মো. সাহেদ উল্লাহ (২৫), মো. মানিক মিয়া (২৫) ও নীরব মিয়া (২৪)।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন জানান, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সন্দ্বীপ সদর ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি একে-২২ রাইফেল, দুটি রিভলবার, দুটি পিস্তল, চারটি এলজি, নয়টি শটগান, পাঁচটি পাইপগানসহ ২৩টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়।
এ বাহিনীর পূর্ব জোনের অধিনায়ক ক্যাপ্টেন শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২১ সেপ্টেম্বর পৌর সদরের বাতেন মার্কেট এলাকায় গরুর বাজারে হামলায় দুইজন নিহত হওয়ার পর জড়িতদের তালিকা সংগ্রহ করা হয়।
“ওই তালিকা অনুযায়ী সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়।”
ক্যাপ্টেন শহীদুল জানান, বেড়িবাঁধ এলাকায় যৌথ দলকে দেখে তিনজন মোটর সাইকেলে করে উপজেলা সদরের দিকে পালিয়ে যাওয়া চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময়ই সাহেদের কাছে একটি রিভলবার পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সেনের হাট ইউনিয়নের থারা মিয়া গ্রামে তার বাড়ি থেকে বাকি অস্ত্র উদ্ধার করা হয়।
গত ২১ সেপ্টেম্বর বিকালে পৌর সদরের বাতেন মার্কেট এলাকায় গরুর হাটের হাসিলের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. জাহাঙ্গীর (৪৮), মো. কবির (৩৫) নামে দুজন নিহত হন।
নিহতের মধ্যে কবির পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একটি প্রতিষ্ঠানের বিপনন কর্মকর্তা ও জাহাঙ্গীর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দিনমজুর।
