২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি: রিমান্ড শুনানি পেছাল

চট্টগ্রাম বন্দরে বিদেশ থেকে আসা কন্টেইনারে পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দ করার ঘটনায় গ্রেপ্তার পাঁচ জনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি পিছিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 07:01 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

কন্টেইনারে ভারতীয় রুপি: ৫ আসামি কারাগারে

রোববার ওই পাঁচ জনকে চট্টগ্রামের মহানগর হাকিম নওরীন আক্তার কাকনের আদালতে হাজির করা হলে আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন না। আদালত আগামী মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেছেন।

গত ২২ সেপ্টেম্বর এ ঘটনায় বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, কাস্টমস অ্যাক্ট ও ব্যাগেজ আইনে ছয় জনকে আসামি করে মামলাটি করেন শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার।

মামলার আসামিরা হলেন- আরব আমিরাত থেকে কন্টেইনার ভর্তি পণ্য পাঠানো শাহীদুজ্জামান, হলেন-সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এসএম সায়েম ওরফে শামীমুর রহমান, ব্যবস্থাপনা পরিাচলক মো. আসাদুল্লাহ, প্রতিষ্ঠানের কর্মী আহম্মদ উল্লাহ, কাস্টমসের ‘ফালত’ শেখ সাবের এবং শাহীদুজ্জামানের ভাই মো. তৌহিদুল আলম।

এদের মধ্যে শাহীদুজ্জামান পলাতক এবং অন্য পাঁচ জনকে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দারা।

২২ সেপ্টেম্বর গ্রেপ্তার পাঁচ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত সেদিন রিমান্ড শুনানির জন্য রোববার (আজ) সময় নির্ধারণ করেছিল।

গত ২০ সেপ্টেম্বর রাতে ভারতীয় রুপি আছে এমন সন্দেহে একটি কন্টেইনার আটক করে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। পরে কায়িক পরীক্ষায় ওই কন্টেইনারের ভেতরে থাকা চারটি কার্টনে দুই কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০ রুপি পাওয়া যায়।

দুবাই প্রবাসী চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহীদুজ্জামান গৃহস্থালী পণ্য ঘোষণা দিয়ে কন্টেইনারটি চট্টগ্রামে পাঠান।

আরব আমিরাতের জাবেল আলী থেকে ‘এমভি প্রসপার’ নামের জাহাজে করে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আসে কন্টেইনারটি।