২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির নতুন আইন অনুষদ ভবন উদ্বোধন ৩ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আইন অনুষদ ভবন উদ্বোধন হচ্ছে আগামী ৩ অক্টোবর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 01:31 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই ভবন উদ্বোধনের সম্মতি দিয়েছেন বলে জানান আইন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক।

এ কে খান ফাউন্ডেশনের অর্থায়নে ভবনটি নির্মিত হয়েছে বলে জানান তিনি।

নির্মাণ কাজের তদারকিতে থাকা এ কে খান ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬০ হাজার বর্গফুটের দ্বিতল ভবনটি আগামী ১৫ বছর সংস্কার কাজও করবে এ কে খান ফাউন্ডেশন।

“৬০ হাজার বর্গফুটের ভবনটিতে থাকছে কম্পিউটার ল্যাব, সাড়ে ৫০০ আসনবিশিষ্ট মিলনায়তন, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও সেমিনার পাঠকক্ষ।  

“প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ওয়াইফাই জোনও হবে।”

ভবনটিতে একটি মুট কোর্টও (প্রতীকি আদালত) স্থাপন করা হয়েছে বলে জানান রেজাউর রহমান।

ভবন নির্মাণের পাশাপাশি সকল আসবাবপত্র ও যন্ত্রপাতি কেনার ব্যয়ভারও এ কে খান ফাউন্ডেশন বহন করছে বলে জানান আইন অনুষদের ডিন আব্দুল্লাহ আল ফারুক।

২০১১ সালের ৩ নভেম্বর ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তৎকালীন আইন মন্ত্রী শফিক আহমেদ এবং ভবনের কাজ শুরু হয় ২০১২ সালের মার্চে।