‘চট্টগ্রামে নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারিত’
কোরবানির পশু জবাইয়ের পর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বন্দরনগরীর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
শুক্রবার সন্ধ্যার পর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে কোরবানির পর থেকেই সিটি করপোরেশনের উদ্যোগে বর্জ্য অপসারণ শুরু হয়। নগরীর ৪১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের দুই হাজার পরিচ্ছন্নতা কর্মী ২০০ পরিবহনের মাধ্যমে বর্জ্য অপসারণে কাজ করেছে।”
সরেজমিনে বেলা ১টার দিক থেকে নগরীর আন্দরকিল্লা, এনায়েত বাজার, জামালখান, মাদারবাড়ির বিভিন্ন এলাকায় গিয়ে পরিবচ্ছন্নতা কর্মীদের কাজ করতে দেখা যায়।
বেলা ৩টা থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নগরীর বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ কাজ দেখতে বের হন।
চেরাগী পাহাড় মোড়ে মেয়র আ জ ম নাছির সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডকে চার ভাগে ভাগ করে ৫৫ জন জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
“পশু জবাইয়ের পর যেন কোন স্থানে দুর্গন্ধ বের না হয় সেজন্য সকাল ৯টা থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেছে।”
নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহায়তা চেয়ে শুক্রবার রাত ১০টার মধ্যে কোন স্থানে বর্জ্য অপসারণ না হলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগোযোগের পরামর্শ দেন চট্টগ্রামের মেয়র।
বর্জ্য অপসারণে গাফিলতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে মন্তব্য করে মেয়র নাছির বলেন, “কোনো এলাকায় বর্জ্য অপসারণে গাফিলতি দেখা গেলে সেখানে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সন্ধ্যার পর সরেজমিনে নগরীর বিভিন্ন অলি-গলি ও রাস্তায় ঘুরে চামড়া সংগ্রহের স্থানগুলো ছাড়া নগরীর অধিকাংশ রাস্তাঘাট পরিষ্কার-পরিছন্ন দেখা যায়।
