চট্টগ্রামের বিএনপি নেতা শাহাদাতের জামিন
নাশকতার দুটি মামালায় জামিন পেয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এবং মহানগর হাকিম আদালত থেকে পৃথক দুটি মামলায় তিনি জামিন নেন।
শাহাদাত হোসেনের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকবাজার থানার একটি নাশকতার মামলায় মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এবং বাকলিয়া থানার অন্য একটি মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়া হয়।আদালত আবেদন মঞ্জুর করে।
এর আগে মঙ্গলবার নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী একটি নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
চলতি বছরের ৫ জানুয়ারি থেকে বিএনপির ডাকা অবরোধ চলাকালে নগরীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় করা কয়েকটি মামলার আসামি শাহাদাত হোসেন।
