চট্টগ্রামে ‘প্রতারক চক্রের’ ৫ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার জানান, নগরীর হালিশহর এবং পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে তারা গ্রেপ্তার হন।
গ্রেপ্তার পাঁচজন হলেন- আবুল বশর (৪৫), আবুল কাশেম (৫৮), মো. আলী (৫২), শাহ আলম (৬৫) ও জসীম উদ্দিন (৫৬)।
এদের মধ্যে বশরকে পটিয়ার শান্তিরহাট, কাশেমকে নগরীর হালিশহর ও অন্যদের পটিয়ার হাইদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া দুই লাখ টাকা পাওয়া যায়।
“গ্রেপ্তার পাঁচ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ব্যবসায়ী ও বিদেশ ফেরত লোকজনকে টার্গেট করে। ব্যবসায়ে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগের আকৃষ্ট করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।”
এই চক্রের ১১ জন সদস্য রয়েছে জানিয়ে তিনি বলেন, বশর আগে বিদেশে থাকতেন। কাশেম জমি বেচা-কেনা ও আলী একটি ব্যাংকে ঋণ সংগ্রহকারী হিসেবে কর্মরত আছেন।
চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
