২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা পাচারে পঙ্গুদের ব্যবহার

পঙ্গু ব্যক্তিদের ‘অসহায়ত্ব’ এবং তাদের প্রতি সবার সহানুভূতিকে কাজে লাগাতে ইয়াবা পাচারে তাদের ব্যবহার করছে মাদক বিক্রেতারা।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে ৯৮০টি ইয়াবাসহ এক পঙ্গু বাসযাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। গত তিন মাসে এটি ওই এলাকায় এই ধরনের দ্বিতীয় ঘটনা।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পঙ্গু লোকদের প্রতি মানুষের সহানুভূতি থাকে। সেইসঙ্গে তারা (পাচারকারীরা) তাদের অসহায়ত্বের ‍সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে।”

Image
ইয়াবা (ফাইল ছবি)

ইয়াবা (ফাইল ছবি)

সোমবার গ্রেপ্তার মো. আল আমীন মিয়া (৩০) নরসিংদীর পলাশ থানার লোকমান মুন্সীর ছেলে। দুই বছর বয়সে টাইফয়েডের পর দুই পা পঙ্গু হয়ে যায় বলে জানান তিনি।

কয়েকমাস আগেও তিনি টঙ্গী রেল স্টেশনে পান-সিগারেটের দোকান করতেন। সেখান থেকে উচ্ছেদের পর ট্রেনে ভিক্ষা করা শুরু করেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মেইল ট্রেনে ভিক্ষা করে বর্তমানে তার পেট চলে বলে দাবি করেন আল-আমীন।

এর আগে গত ২৭ জুলাই ভোরে আবুল হোসেন (৩৮) নামে আরেক পঙ্গু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বাকলিয়া পুলিশ। ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়।

আবুলেরও মলদ্বারে লুকানো ছিল এক হাজার ইয়াবা। ১৯৯১ সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আবুলের দুই পা কেটে ফেলা হয় বলে পুলিশকে জানিয়েছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা মহসিন জানান, ভোরে টেকনাফ থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আল আমীনকে গ্রেপ্তার করা হয়। তার মলদ্বারে লুকানো ছিল ৯৮০টি ইয়াবা ট্যাবলেট।

গত বৃহস্পতিবারও টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় এক ব্যক্তির কাছে সরবরাহের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমীন স্বীকার করেছে বলে জানান ওসি।

আল আমীন পুলিশকে জানিয়েছেন, গত মাসের প্রথম দিকে ট্রেনে করে চট্টগাম স্টেশনে আসার পর ভিক্ষা চাইলে এক যুবক তাকে রেল স্টেশনের একটি দোকানে খাইয়ে ৫০০ টাকা দেয়। এরপর তাকে ঠিকানা দিয়ে যোগাযোগ করতে বলে।

আল  আমীন তার সঙ্গে যোগাযোগ করা ওই ব্যক্তির নাম আয়াজউদ্দিন বলে জানিয়েছে।

ওসি বলেন, আয়াজের মামার টেকনাফ বাস স্টেশন এলাকায় একটি আবাসিক হোটেল আছে এবং সে ওই হোটেলটির ব্যবস্থাপক বলে আল আমীন জানিয়েছে।

বিভিন্ন সময় আল আমীন টেকনাফ গিয়ে আয়াজের কাছে থাকতেন। প্রতিবারই আয়াজ তাকে একটি করে মোবাইল সিম দিতেন বলেও পুলিশকে জানিয়েছেন আল আমীন।