২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেতরে রুপি সন্দেহে কন্টেইনার আটক বন্দরে

ভারতীয় রুপি আনা হয়েছে এমন সন্দেহে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে একটি কন্টেইনার আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 09:23 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রোববার রাতে বন্দরের আট নম্বর ইয়ার্ডে রাখা কন্টেইনারটি আটক করেন কাস্টমস এবং শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কন্টেইনারটির ভেতরে রাখা একটি কার্টনে ভারতীয় রুপি পাওয়া গেছে। আমাদের ধারণা ভেতরে থাকা চারটি কার্টনে ভারতীয় মুদ্রা রয়েছে।”

সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রাহ বন্দর থেকে আসা কন্টেইনারটিতে আরও নানা ধরনের পণ্যও রয়েছে।

কন্টেইনারটির কায়িক পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে, বলেন কাস্টমস কর্মকর্তা মুকিতুল হাসান।

১৬ জাহাজকে জরিমানা

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দর চ্যানেলে চলাচল, নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন অপরাধে ১৬টি লাইটারেজ জাহাজ ও ফিশিং ভেসেলকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এ জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চ্যানেল ব্লক করা, অতিরিক্ত পণ্য নেওয়া, চালকের সনদ না থাকা, নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।”

আলাদা দুটি লাইটারেজ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা বকেয়া জরিমানাও আদায় করা হয়েছে বলে জানান তিনি।

যেসব জাহাজকে এ জরিমানা করা হয়েছে- এম ভি চাকলাদার-২, এম ভি বান্ধব, এম ভি হিজবুল হক, এম ভি সিরাজুল ইসলাম, এম ভি মেরিন হারভেস্টার-২, এফ ভি কাতলা্ এফ ভি কোরাল, এফ ভি জাঞ্জাবিল, এফ ভি স্যাটেলাইট-৩, এম ভি গোলাম রহমান, এম ভি চাক্লাদার-৫, এম ভি রায়হান এক্সপ্রেস, এম ভি আল সুফিয়া, এম ভি কর্ণফুলী-৫, এম ভি তিশা, এম ভি সাতভিটা অব দোহার।