২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের পটিয়ায় মাঠে বালু ফেলার কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 03:40 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

দগ্ধরা হলেন- উপজেলার লাখেড়া ইউনিয়নের লালপোলের মো. ফোরকান (১৮) ও আলী আকবর (৬০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পটিয়া থানার কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই সত্যরঞ্জন খাসখেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কোলাগাঁওয়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের অদূরে বালুর মাঠে ওই দুজন মাটি ফেলার কাজ করছিলেন।

“একটি ছেঁড়া তার মাটিতে পড়ে থাকতে দেখে তারা দুজন সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।”

রোববার দুপুরে ওই দুজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানিয়েছেন।

বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. এস খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোরকানের শরীরের ৯০ শতাংশ এবং আকবরের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।”

এএসআই পংকজ বড়ুয়া ওই দুজনকে ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডের শ্রমিককে হিসেবে পরিচয় দিলেও ওয়েস্টার্ন মেরিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দগ্ধরা তাদের শ্রমিক নয়।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) শহীদুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতরা স্থানীয় লোক। তাদের সঙ্গে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কোনো সম্পর্ক নেই।

“আমাদের প্রতিষ্ঠান পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে। আর যে স্থানে বিদ্যুতায়িত হওয়ার ঘটনা ঘটেছে সেটি পাশ্ববর্তী লাখেড়া ইউনিয়নে।” 

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানিয়েছিলেন, কোলাগাঁওয়ে ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডে ওই দুজন দগ্ধ হন।